বগুড়ার শেরপুরে ঐতিহ্যবাহী কল্যাণী মেলার ফাইনাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কল্যাণী ঘাট এলাকায় জমজমাট এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই পাড়ে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ফাইনাল প্রতিযোগিতায় সিরাজগঞ্জ জেলার একডালা এলাকার নৌকাকে পেছনে ফেলে শেরপুর উপজেলার বরইতলী গ্রামের ‘বিজয় নিশান’ নৌকা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোররা। নৌকা বাইচের উত্তেজনাপূর্ণ মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো কল্যাণী ঘাট এলাকা।
প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকার মালিক সরোয়ার রহমানের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।
কল্যাণী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শামীম রেজা মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, সুঘাট ইউনিয়ন বিএনপি ও মেলা কমিটির সভাপতি হুমায়ুন কবির বিপ্লব, সাধারণ সম্পাদক কে এম মানিক এবং মেলা কমিটির সাধারণ সম্পাদক নূরনবী মন্ডল হিটলার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফউদ্দৌলা মামুন, সুঘাট ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী বুলু, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ, সহ-সভাপতি হযরত শাহ আলম জুয়েল ও খায়রুল বাশার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজ বিশ্বাস, সুঘাট ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি আমিনুর মন্ডল, জিএমসি ডিগ্রি কলেজের প্রভাষক মো. হিরন সরকার, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ জামাল সিরাজী এবং সাধারণ সম্পাদক কছের আলী প্রাংসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ঐতিহ্যবাহী কল্যাণী নৌকা বাইচ মেলা শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মেলার অন্যতম আকর্ষণ নৌকা বাইচকে ঘিরে আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দর্শনার্থীদের সমাগম ঘটে।