জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়ায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক সুদেব কুন্ডুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।
প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও ভালোবাসার কবি। তাঁর সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা ধারণ করে বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।তিনি আরও বলেন, নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাঙালি জাতির সাংস্কৃতিক ও সামাজিক চেতনাকে সমৃদ্ধ করেছে। তাই নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে।আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন , দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।