নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় সরকারবিরোধী মিছিল ও নাশকতার প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী প্রধান সড়কে একদল নেতাকর্মী জড়ো হন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে অধিকাংশ পালিয়ে গেলেও ১০ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আবরার আহম্মেদ (১৮), ইয়াসিন (১৮), রাব্বি (২০), শিমুল (২০), ফেরদৌস (১৮), পলক (১৭), আবু বকর (১৬), তানভীর (১৫), লিমন (১৭) ও নয়ন (১৮)। আবরার নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার এবং অন্যরা ফতুল্লা মডেল থানার বিসিক এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, ভূইগড়-সাইনবোর্ড এলাকায় সরকারবিরোধী মিছিল ও সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় সতর্ক অবস্থানে ছিল। মিছিল শুরুর আগমুহূর্তে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আজমেরী ওসমানের সমর্থনে লিমন ও ফয়সাল দর্পণের নির্দেশে সেখানে জড়ো হওয়ার কথা জানিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।