বগুড়ায় ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-৫-এর বিচারক তৌফিকুর রহমান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—আশিক, শাকিল ও মতিন।
রায়ে আদালত নির্দেশ দিয়েছেন, আসামিদের কাছ থেকে আদায় করা জরিমানার অর্থের ৫০ শতাংশ হত্যাকাণ্ডের শিকার রাগিবুল হাসান হৃদয়ের সন্তানকে দিতে হবে। বাকি ৫০ শতাংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া শহরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় রাগিবুল হাসান হৃদয়ের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবিতে হামলা চালান আসামিরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ধারালো অস্ত্র দিয়ে হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করেন।
এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে হৃদয়ের বাবা মামুনুর রশিদকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় রাগিবুল হাসান হৃদয়কে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা আয়েশা সিদ্দিকা বগুড়া সদর থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম মাসুদুর রহমান বলেন, নিহত হৃদয়ের বাবা ও মা মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছেন। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করলেও সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, আদালত মামলার সব বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে রায় দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।