
নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬ - ০:২৭
• পঠিত: ৭ বার

‘সবুর-মবুর এখন বাদ। কোনো সবুর নেই। দরকার হলে জামায়াত ছেড়ে দেব। মাইর খাওয়ার মধ্যে নেই। একটা মারলে দুটো মারব—সেই ব্যবস্থা করছি।’ এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামলায় আহত জামায়াতের নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় তাঁর দেওয়া বক্তব্যের ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আহতদের খোঁজখবর নেওয়ার সময় তাঁকে এসব মন্তব্য করতে শোনা যায়।
এ বিষয়ে জানতে মুফতি আমির হামজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বিস্তারিত বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া এলাকায় বালুর ঘাট নিয়ে বিরোধের জেরে জামায়াত নেতা মো. শাহজাহানের অফিস ও বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন।
জামায়াত নেতা মো. শাহজাহানের অভিযোগ, গড়াই নদীর বালুমহল থেকে বালুবাহী ট্রাক চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে সম্প্রতি সংসদ সদস্য মুফতি আমির হামজা সেখানে গিয়ে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন। পরে জামায়াতের নেতাকর্মীরা সড়কে ব্লক ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন। এর জেরেই বিএনপির নেতাকর্মীরা তাঁর অফিস ও বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাঁদের দাবি, বালুমহল থেকে জামায়াত নেতা শাহজাহান আগে প্রতিদিন ৫০ হাজার টাকা করে চাঁদা নিতেন। বর্তমানে সেই অর্থের পরিমাণ এক লাখ টাকা দাবি করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছে। হামলার ঘটনাটি সাজানো বলেও দাবি তাঁদের।
ঘটনাটি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে সংসদ সদস্য আমির হামজার বক্তব্যের ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।





