
বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৬ - ১২:১৯
• পঠিত: ৬ বার

বগুড়ায় মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. রতন ফকিরকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ সদর থানার সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১২-এর সিপিএসসি বগুড়া ও সদর কোম্পানির যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার রতন ফকির বগুড়া সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়া এলাকার মৃত আব্দুল ফকিরের ছেলে।
এসআরবি-১২-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নটি জানতে পারে, মাদক মামলায় সাজাপ্রাপ্ত রতন ফকির গ্রেপ্তার এড়াতে সিরাজগঞ্জ সদর থানার সয়দাবাদ এলাকায় অবস্থান করছেন। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বগুড়া সদর থানার জিআর মামলা নম্বর ৭০১/১৯ এবং প্রসেস নম্বর ১৯১/২৪-এর মাদক মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর রতন ফকিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১২ জানিয়েছে, অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।





