আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন শিবগঞ্জ ও মোকামতলার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিদ হাসান সিদ্দিকী, মোকামতলা উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদ হোসেন তৌফিক, সদস্য সচিব রোকন উদ দৌলা রুবেল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য শ্রী শুভ্র শংকর প্রসাদ, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবীর কুমার দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শিবগঞ্জ উপজেলা শাখার আহবায়ক দুলাল চন্দ্র সরকার, ফায়ার সার্ভিসের ইনচার্জ মতিউর রহমান,
মোকামতলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম তাহমিদুর রহমান প্রমুখ।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং পূজার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কতা ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।
এ সময় শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে শিবগঞ্জ উপজেলার ৩৯টি এবং মোকামতলা উপজেলার ২৬টি পূজামণ্ডপে অনুদান প্রদান করা হয়।