
নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬ - ১৭:২৯
• পঠিত: ৬ বার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ও ইদিলপুর ইউনিয়নের মাঝামাঝি জাতীয় মহাসড়ক সংলগ্ন রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে একটি নির্মাণাধীন ঘর থেকে তিনটি ককটেল ও তিনটি পেট্রোলবোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
শনিবার (২১ নভেম্বর) ভোররাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর গ্রামের জিসান পাম্পের দক্ষিণ পাশে বকুলের ইটভাটা সংলগ্ন এলাকায় আসারুর একটি নির্মাণাধীন ঘর থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। ঘরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল বলে জানা গেছে।
এসআরবি-১৩-এর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অভিযান চলাকালে নির্মাণাধীন ঘরটিতে তল্লাশি চালিয়ে তিনটি ককটেল ও তিনটি পেট্রোলবোমার সন্ধান পাওয়া যায়। পরে বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে সেগুলো উদ্ধার করে।
উদ্ধারের পর প্রয়োজনীয় সাধারণ ডায়েরি (জিডি) সম্পন্ন করে উদ্ধার করা সামগ্রী সাদুল্লাপুর থানায় জমা দেওয়া হয়েছে।
এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, বিস্ফোরক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হোসেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এর আগের দিন শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই স্থানে মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে তাঁদের পরিচয় কিংবা সেখানে অবস্থানের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার করা বিস্ফোরকগুলো কারা, কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





