
নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬ - ১৫:২৯
• পঠিত: ১২ বার

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে রংপুর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’। শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে শহীদ আবু সাঈদের বাবা-মা ও দুই ভাইকে সঙ্গে নিয়ে স্টেডিয়াম দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও তাঁর দুই ভাই উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে নিয়ে উদ্বোধন করায় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের কৃতী সন্তান আবু সাঈদ। তাঁর আত্মত্যাগ ও স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় করে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্টেডিয়াম দুটির নামকরণ ও উদ্বোধন করা হয়েছে। এই স্টেডিয়াম শুধু ক্রীড়া স্থাপনা নয়, সাহস, আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবেও পরিচিত হবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পরাজিত ও পতিত ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক, ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সেই উদ্যোগ নেবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডেই তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণিত হচ্ছে। বর্তমান সরকার মানবিক ও দায়িত্বশীল বলেই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এর অর্থ এই নয় যে সরকার দুর্বল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের খেলাধুলা আয়োজনের উপযোগী পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় উন্নয়নকাজ করা হবে। রংপুরের উন্নয়নে ইতোমধ্যে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া রংপুরসহ বৃহত্তর উত্তরাঞ্চলের অবকাঠামো ও সার্বিক উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সারাদেশে অগ্নিসংযোগ বা সহিংসতা চলছে না। একটি নির্দিষ্ট জেলায় বিচ্ছিন্নভাবে সহিংসতার ঘটনা ঘটছে। সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে স্থানীয় বিএনপি রেজুলেশনের মাধ্যমে প্রার্থীকে সমর্থন দিতে পারবে। দলের সিদ্ধান্ত ও সমর্থনের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে স্থানীয় বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিতে পারবে।
অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামছুজ্জামান শামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মু. মাহবুবুর রশিদ, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মোজাম্মেল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





