
ধুনট বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬ - ১৯:৪
• পঠিত: ৫ বার

বগুড়ার ধুনট উপজেলায় অবৈধ মাদকদ্রব্য সেবনের অপরাধে দুইজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার পূর্ব গুয়াডহরী ও নলডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এ সময় অবৈধ মাদকদ্রব্য সেবনের অপরাধে পূর্ব গুয়াডহরী গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে রাকিবুল হাসান (২৫) এবং পাকরিহাটা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুল হাকিমকে (২০) গ্রেফতার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত রাকিবুল হাসানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং আব্দুল হাকিমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনায় জব্দ করা আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





