
স্টাফ
রিপোর্টার
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬ - ২১:২৫
• পঠিত: ১৪ বার

নওগাঁ সদর উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্স ছাড়া সরিষার তেল মোড়কজাত ও বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা প্রশাসন, নওগাঁ এবং বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সদর উপজেলার হাপানিয়া এলাকার মক্কা মদিনা ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটিকে বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া সরিষার তেল মোড়কজাত ও বাজারজাত করার দায়ে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা। আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে মানসম্মত পণ্য নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।