সিরাজগঞ্জ জেলা স্কাউটস লিডার হলেন এম.এ সবুর

নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬ - ১৫:৫
• পঠিত: 5 বার

চরিত্রবান,পরোপকারী,আত্মনির্ভরশীল,দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস।সেই লক্ষ্য বাস্তবায়নে দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা ও সুনামের স্বীকৃতি হিসেবে সিরাজগঞ্জ জেলা স্কাউটস লিডার হিসেবে দায়িত্ব পেয়েছেন রায়গঞ্জ উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এম.এ সবুর।
শিক্ষকতার পাশাপাশি স্কাউটিং কার্যক্রমে দীর্ঘদিন ধরে নিষ্ঠা,দক্ষতা ও নেতৃত্বের পরিচয় দিয়ে আসছেন তিনি। ৯০ দশকে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদানের পর থেকে অদ্যাবধি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন এম.এ সবুর। পেশাগত যোগ্যতা,সাংগঠনিক দক্ষতা এবং বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি দায়িত্বশীলতার কারণে তিনি স্কাউটিং কার্যক্রমের সঙ্গে যুক্ত হন।পরবর্তীতে ২৬২তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন করে বিদ্যালয়ে স্কাউট ইউনিট গঠন করেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে তা পরিচালনা করে আসছেন।
স্কাউটিংয়ে তার ধারাবাহিক অবদানের স্বীকৃতিও মিলেছে বিভিন্ন সময়ে।২০০৪ সালে রায়গঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন তিনি।এরপর ২০০৯ সালে ৭ম জেলা স্কাউট সমাবেশ ও জাম্বুরী ক্যাম্প,২০১০ সালে ৮ম স্কাউট জাম্বুরী মৌচাক-গাজীপুর,২০১১ সালে রাজশাহীতে অ্যাডভান্সড কোর্স, ২০১৪ সালে রাজশাহীতে রিফ্রেশার্স কোর্স ও বগুড়ার ইন্দাবায় প্রশিক্ষণে অংশ নেন।২০১৫ সালে ৪র্থ ন্যাশনাল পাওয়ার অ্যান্ড এনার্জি ক্যাম্প এবং ২০১৬ সালে ৯ম জেলা স্কাউট সমাবেশ ও ৫ম জাতীয় পাওয়ার অ্যান্ড এনার্জি ক্যাম্পে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। একই বছর বগুড়ায় স্কাউট বেসিক কোর্সও সম্পন্ন করেন।
২০১৭ সালে রায়গঞ্জ উপজেলা কাব ক্যাম্পুরীতে স্কাউট লিডার নির্বাচিত হওয়ার পাশাপাশি ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত রায়গঞ্জ উপজেলা স্কাউটের সম্পাদকের দায়িত্ব পালন করেন।একই বছরে অর্জন করেন রায়গঞ্জ উপজেলা শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক এর স্বীকৃতি।
এরপর ২০১৮ সালে ৫৩১তম স্কাউট বেসিক কোর্সের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।একই বছর রাজশাহীতে অনুষ্ঠিত ৩৮০তম স্কাউট অ্যাডভান্স কোর্সেও দায়িত্ব পালন করেন।জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ তে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে প্রথম স্থান অর্জন করেন তিনি।
২০২১ সালে সিরাজগঞ্জে অনুষ্ঠিত ৩৯০তম বেসিক কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বগুড়ায় অনুষ্ঠিত ৪৩৬তম কোর্সেও অংশগ্রহণ করেন।জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ রায়গঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে প্রথম স্থান অধিকার করেন।একই ধারাবাহিকতায় ২০২৪ সালেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হন।
স্কাউটিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচীতেও রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ।১০ম জেলা স্কাউট সমাবেশে কামারখন্দ সরকারি কলেজে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।২০২৪ সালে গাজীপুরের মৌচাকে অনুষ্ঠিত ৬২২তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন।
২০২৫ সালেও তার স্কাউটিং কার্যক্রম অব্যাহত ছিল।একই বছর বগুড়ায় অনুষ্ঠিত ৪১০তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে লিডার হিসেবে দায়িত্ব পালন করেন।ওই বছর সিরাজগঞ্জ পিটিআইতে অনুষ্ঠিত ৭২৫তম কাব স্কাউট ওরিয়েন্টেশন কোর্সে সফলভাবে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।
দীর্ঘ কর্মজীবনে এম.এ সবুর সিরাজগঞ্জ,বগুড়া,পাবনা,রাজশাহী, গাজীপুর,হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত কাব ক্যাম্পুরী ও স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে একাধিক পদক ও সম্মাননা অর্জন করেছেন।সর্বশেষ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ রায়গঞ্জ উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে তিনি আবারও তার দক্ষতা ও অবদানের স্বীকৃতি পেয়েছেন।
শুধু উপজেলা বা জেলা পর্যায়েই নয়, স্কাউটিংয়ে বিশেষ অবদানের জন্য তিনি প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এবং রাষ্ট্রপতি প্রতিনিধি ইউনিট লিডার অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
দীর্ঘ শিক্ষকতা জীবন ও স্কাউটিংয়ের অভিজ্ঞতায় সমৃদ্ধ এম.এ সবুরের নতুন দায়িত্বকে ঘিরে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় স্কাউটস সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্টরা মনে করছেন,তার অভিজ্ঞতা,দক্ষতা ও নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে।
শিক্ষকতার পাশাপাশি স্কাউটিংকে মানবিক,নৈতিক ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনের অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে এগিয়ে নিতে এম.এ সবুরের এই নতুন দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।






