রাজধানীর যমুনা ফিউচার পার্কে শুক্রবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে রক সংগীতের কনসার্ট ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’। এতে নিজ দল নগরবাউলকে নিয়ে মঞ্চে উঠবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও গিটারিস্ট মাহফুজ আনাম জেমস।
যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় আয়োজিত এই কনসার্টে নগরবাউল ছাড়াও পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য।
কনসার্টে অংশ নেওয়া প্রসঙ্গে জেমস বলেন, দেশে অনেক দিন পর টিকিটের বিনিময়ে আয়োজিত কনসার্টে অংশ নিচ্ছেন তিনি। তাঁর আশা, শ্রোতা-দর্শকেরা নতুন কিছু শুনতে ও দেখতে পাবেন।
আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন তাদের ফেসবুক পোস্টে কনসার্টে অংশ নিতে যাওয়া শিল্পী ও ব্যান্ডগুলোর নাম জানিয়েছে।
এদিকে, গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন। পাশাপাশি তিনি একক পরিবেশনাও করবেন। এ ছাড়া সংগীতশিল্পী একে রাহুলেরও কনসার্টে পারফর্ম করার কথা রয়েছে।
জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীদের অংশগ্রহণে কনসার্টটি রক সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন হতে যাচ্ছে।