সারাদেশের মতো কুড়িগ্রামেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ স্থানীয় মণ্ডপগুলো পরিদর্শন করছেন এবং পুণ্যার্থীদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করছেন।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. সাইদুর রহমান লিটন। এ সময় তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক হাফিজুর রহমান, আলম ব্যাপারী, মফিজুল হক, ফেরদৌস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর ধূপের সুবাসে মুখরিত পূজামণ্ডপগুলোতে উৎসবের আমেজ দেখা গেছে। সমাজসেবক সাইদুর রহমান লিটনের মণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। এ সময় পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের চোখে পড়ার মতো উপস্থিতি ছিল।
পরিদর্শনকালে সাইদুর রহমান লিটন বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকতে হবে।”