
বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬ - ১৭:৩৫
• পঠিত: ৩ বার

বগুড়ায় আদিবাসী শ্রমিক রিপন মুরমু (২৬) হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. এনামুল হককে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)। শনিবার (১১ অক্টোবর) রাত ১০টা ২০ মিনিটের দিকে বগুড়া সদর উপজেলার লতিফপুর কলোনি এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১২-এর বগুড়া ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির (সিপিএসসি) কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত রিপন মুরমু দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বেলওয়া গ্রামের মোসেশ মুরমুর ছেলে। তিনি গত পাঁচ থেকে ছয় বছর ধরে বগুড়া সদর উপজেলার চণ্ডীহারা গ্রামের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
মামলার এজাহারের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ অক্টোবর রাতে বগুড়া সদর উপজেলার চাঁদপাড়া এলাকায় একটি গ্রিল ও লোহার দরজা-জানালা তৈরির দোকান থেকে ঝালাই মেশিন চুরি হয়। এ ঘটনায় সন্দেহের ভিত্তিতে ওই দিন সকাল আটটার দিকে রিপনকে ডেকে নিয়ে মারধর করা হয়। একই সঙ্গে তাঁর কাছে ২০ হাজার টাকা জরিমানা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে জখম করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে রিপনের খালাকে ডেকে নিয়ে সন্ধ্যার মধ্যে ২০ হাজার টাকা দিতে, অন্যথায় চুরি হওয়া মেশিন ফিরিয়ে দিতে বলা হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইটভাটার ম্যানেজার মো. মামুন মিয়া ভাটার শ্রমিকদের থাকার ঘরে রিপনকে মৃত অবস্থায় দেখতে পান।
এ ঘটনায় রিপনের বাবা মোসেশ মুরমু বাদী হয়ে ১১ অক্টোবর বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এসআরবি-১২ জানায়, মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চালানোর একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে এনামুল হকের অবস্থান শনাক্ত করা হয়। পরে লতিফপুর কলোনি এলাকার সাজেদা আর্জুর ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এনামুল হক বগুড়া সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত আবুবকর সিদ্দিকের ছেলে। তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
