বগুড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরি, মেয়াদোত্তীর্ণ চিপস বিক্রির জন্য সংরক্ষণ এবং চিপস তৈরিতে শিল্পকারখানায় ব্যবহৃত লবণ ব্যবহারের অভিযোগে ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়ায় অবস্থিত কারখানাটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর ও অত্যন্ত নোংরা পরিবেশে চিপস তৈরি করা হচ্ছিল। এ ছাড়া নষ্ট ও মেয়াদোত্তীর্ণ চিপস বিক্রির জন্য সংরক্ষণ, চিপস তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার, মাত্রাতিরিক্ত অ্যামোনিয়াম বাই-কার্বোনেট প্রয়োগ এবং গুণগত মান যাচাই ছাড়াই নিম্নমানের রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
কারখানার কর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও অভিযানে উঠে আসে।
এসব অপরাধের দায় স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ সময় আনুমানিক তিন মণ ইন্ডাস্ট্রিয়াল লবণ ধ্বংস করা হয়। পাশাপাশি ২৩ কেজি নিম্নমানের রং জব্দ করে এর উপযুক্ত প্রমাণক দাখিলের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে বগুড়া সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মী উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে র্যাব-১২ ও জেলা পুলিশের একটি দল।