বগুড়ায় মেয়াদোত্তীর্ণ হোয়াইট ব্রেড বিক্রি ও বিতরণের দায়ে স্বপ্ন সুপার শপকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে মানসনদ না থাকায় ও মিথ্যা তথ্য দিয়ে ফার্মেন্টেড মিল্ক বিক্রির অভিযোগে আদি মোহাম্মদ আলী দই ঘরকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বগুড়া সদর উপজেলায় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
বিএসটিআই সূত্র জানায়, শহরের সাতমাথায় পুলিশ প্লাজায় অবস্থিত স্বপ্ন সুপার শপে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ হোয়াইট ব্রেড বিক্রি ও বিতরণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, ঠনঠনিয়া এলাকার আদি মোহাম্মদ আলী দই ঘরে ফার্মেন্টেড মিল্ক পণ্যের গুণগত মানসনদ না থাকা এবং মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি ও বিতরণের অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কাজিম রেজা চৌধুরী। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী তুষার সাহা এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আসাদুজ্জামান।
বিএসটিআই ও জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভেজাল, মানহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।