সরকারের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি শনিবারের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে এবং ঠাকুরগাঁও পৌরসভার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশগ্রহণ করেন।
অভিযানের মাধ্যমে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম পরিচালনা করা হয়। পরে সংশ্লিষ্ট দপ্তর প্রধানরা নিজ নিজ সরকারি অফিস ও দপ্তর প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেন।
এ সময় বিএনসিসি, বাংলাদেশ স্কাউটস ও বিডি ক্লিনের সদস্যরাও পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। বিশেষ করে কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
আসুন, পরিচ্ছন্ন থাকি,ডেঙ্গুমুক্ত ঠাকুরগাঁও গড়ি।