বগুড়ার শেরপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি হাইচ গাড়ির ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ক্ষিদির হাসড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে রুবেল হোসেন ঘোগা বটতলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত হাইচ গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।
তবে বিকেল পৌনে ৬টার দিকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এরপর ছোনকা বাজার জামে মসজিদের সামনে মরদেহ রেখে দেওয়া হয়। খবর পেয়ে নিহতের স্বজনরা সেখানে এসে মরদেহ বাড়িতে নিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ বিষয়ে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনাস্থলে গিয়ে ছোনকা এলাকায় মরদেহ পাননি বলে জানান।
দুর্ঘটনার পর হাইচ গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় এর চালক ও গাড়িটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।