বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এবং সকালে শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন—বগুড়ার কাহালু উপজেলার আড়োলা ইউনিয়নের রামপুর গ্রামের মজনু আকন্দের ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক শরিফুল ইসলাম (৪৫), একই গ্রামের জাহাঙ্গীরের ছেলে আরাফাত (১৯) এবং খাদিজা নামে এক নারী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকায় ঢাকা থেকে রংপুরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশায় থাকা পাঁচজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নিয়ে যান। ভোর পৌনে ৫টার দিকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম ও আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি ব্রিজে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা খাদিজা নামে এক নারী নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হন।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুন্দারহাট হাইওয়ে থানার এসআই সাগর জানান, নিহত নারীর মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।