সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঘোষিত ‘ঢাকা টু রংপুর’ লংমার্চের গাড়িবহর শনিবার বগুড়ায় পৌঁছেছে। লংমার্চকে কেন্দ্র করে বগুড়ার বিভিন্ন সড়কে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা যায়।
শনিবার দুপুরে লংমার্চের গাড়িবহর বগুড়ার শেরপুরে প্রবেশ করলে স্থানীয় ১১ দলীয় জোটের নেতাকর্মীরা করতালি ও স্লোগানের মাধ্যমে তাদের স্বাগত জানান। পরে বহরটি বগুড়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাটিডালী ও ধুনট মোড় এলাকায় পথসভায় অংশ নেয়। ধুনট মোড়ে বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
পথসভায় ডা. শফিকুর রহমান দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘কৃষকের সার নেই, পেটে ভাত নেই। যুবকের কাজ নেই, বাড়িতে কোনো নিরাপত্তা নেই। অন্যদিকে ব্যাংকে টাকা নেই, অথচ একদল লোক এখনো খাই খাই জিকিরে ব্যস্ত।’
তিনি আরও বলেন, ‘ঘরে খাবার না থাকলে ভিক্ষা করুন, তবুও চাঁদাবাজি করবেন না।’ চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারির বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। ১১ দলের ঘোষিত কর্মসূচির দাবির মধ্যেও দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের বিষয়টি রয়েছে।
এ সময় ডা. শফিকুর রহমান বলেন, জনগণের জন্য এবং জনগণের অধিকার আদায়ের জন্যই তাদের এই কর্মসূচি। তিনি দাবি করেন, আট দফা দাবি বাস্তবায়ন না হলে তা যেকোনো সময় এক দফার আন্দোলনে রূপ নিতে পারে। সরকারকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘রাস্তায় নেমেছি জনগণের জন্য, প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না।’
১১ দলীয় ঐক্যের এই লংমার্চের ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। পাশাপাশি প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিও রয়েছে।
লংমার্চের আগে কর্মসূচির অংশ হিসেবে ঢাকা থেকে রংপুরের পথে গাজীপুরের ভোগড়া, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জের চৌরাস্তা, বগুড়া এবং গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভার কর্মসূচি নির্ধারণ করা হয়েছিল।
বগুড়ার পথসভায় কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শেষে লংমার্চের গাড়িবহর রংপুরের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।