
বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ - ২৩:৩৬
• পঠিত: ৩ বার

বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য তৈরি, মানসনদহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার ও খাদ্য নিরাপত্তা বিধি না মানার অভিযোগে ‘ময়ূরী বেকারি’কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসন, বগুড়ার সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে চকসূত্রাপুরের ময়ূরী বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য তৈরি, গুণগত মান যাচাই সনদবিহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার এবং হালনাগাদ বিএসটিআই মানসনদ ছাড়াই খাদ্য উৎপাদনের বিষয়টি ধরা পড়ে।
এ ছাড়া খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতাহীন কাঠের টেবিল ব্যবহার করতেও দেখা যায়।
এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় ময়ূরী বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
একই সঙ্গে উপর্যুক্ত বিষয়ে প্রতিষ্ঠানটির মালিকের কাছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।
অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের প্রচলিত আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
