বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের সহায়তায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ পলাতক চারজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার চামরুল ইউনিয়নের দাইমপুর গ্রামের বারশি ব্রিজের ওপর কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন রেজাউল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেন। তিনি কাহালু উপজেলার বীরকেদার চক মাহমুদপুর গ্রামের মৃত খোকা প্রামাণিকের ছেলে।
খবর পেয়ে দুপচাঁচিয়া থানার এসআই মাসুদ করিম ঘটনাস্থলে গিয়ে রেজাউল হোসেনকে হেফাজতে নেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দুপচাঁচিয়া উপজেলার বড়ধাপ গ্রামের আইয়ুব হোসেনের ছেলে রতন আলী (৩০)-কে আটক করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা আলামতসহ তাদের থানায় নিয়ে আসা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বলেন, ডাকাতি প্রস্তুতি কালে দুইজনকে গ্রেফতার করা হয়েছে ।তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা বিচারাধীন রয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।