“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও সচেতনতামূলক বার্তা প্রদর্শন করেন। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ এলাকায় এসে শেষ হয়।
র্যালিতে শিশু-কিশোর শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তাদের হাতে থাকা বিভিন্ন শিক্ষা ও সচেতনতামূলক বার্তার মাধ্যমে শিক্ষার গুরুত্ব, নিরক্ষরতা দূরীকরণ এবং সমাজে জ্ঞানভিত্তিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
আয়োজকরা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের জ্ঞান, দক্ষতা, সচেতনতা ও জীবনমান উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীই পারে পরিবার, সমাজ ও দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে। তাই নিরক্ষরতা দূরীকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, শিশুদের বিদ্যালয়মুখী করার পাশাপাশি ঝরে পড়া রোধ, বয়স্কদের সাক্ষরতা বৃদ্ধি এবং শিক্ষার সুযোগ সবার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এ র্যালির মাধ্যমে সাদুল্লাপুরে শিক্ষা ও সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি “সবার জন্য শিক্ষা, সবার জন্য সাক্ষরতা”—এই প্রত্যয়কে আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।