ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় অনুষ্ঠিত ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় একাধিক ইভেন্টে সাফল্য অর্জন করে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে তোররা হাফিজিয়া উচ্চ বিদ্যালয়।
সম্প্রতি আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার শামসুল হক, সহকারী শিক্ষক মুঝাইদুর ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
প্রতিযোগিতায় তোররা হাফিজিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কাবাডি, হ্যান্ডবল, দাবা ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে কৃতিত্বের স্বাক্ষর রাখে।
বিদ্যালয়টির অর্জনের মধ্যে রয়েছে—বালক কাবাডিতে প্রথম স্থান, বালিকা হ্যান্ডবল ও কাবাডিতে রানার্সআপ এবং বড় বালিকা দাবায় প্রথম স্থান। এছাড়া মধ্যম বালিকা ও বড় বালক দাবায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সাঁতারেও রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। বড় বালকের মুক্ত ও চিৎ সাঁতারে দ্বিতীয়, মধ্যম বালকের চিৎ সাঁতারে দ্বিতীয় এবং বড় বালকের ৪×১০০ মিটার মিডলে রিলেতে প্রথম স্থান অর্জিত হয়েছে। পাশাপাশি বড় বালিকার বুক সাঁতারে দ্বিতীয় এবং প্রজাপতি সাঁতারে প্রথম স্থান অর্জন করেছে। মধ্যম বালিকার প্রজাপতি সাঁতার ও ৪×১০০ মিটার মিডলে রিলেতেও প্রথম স্থান অর্জন করেছে তোররা হাফিজিয়া উচ্চ বিদ্যালয়।
এমন ধারাবাহিক সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণের সুযোগ তৈরি করায় এ সাফল্য এসেছে।
বিদ্যালয়ের এই অর্জন হরিপুর উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।