
নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬ - ২৩:৫৩
• পঠিত: ৩ বার

ঝিনাইদহের শৈলকূপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ২০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দোহারো গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দোহারো গ্রামের সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লার সঙ্গে ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসান বাবুর সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে উভয় পক্ষের লোকজন বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে অন্তত ১০ জন আহত হন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, সংঘর্ষের সময় গ্রামের অন্তত ২০টি বাড়িঘর ও দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ৬ থেকে ৭ জন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।





