
ধুনট বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬ - ২৩:৫৫
• পঠিত: ১৫ বার

বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয় লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ৬০ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) রাতে ধুনট পৌর ছাত্রদলের সদস্যসচিব শেখ জাকারিয়া বাদী হয়ে ধুনট থানায় মামলাটি করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক সংসদ সদস্য হাবিবর রহমানের ছেলে ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আসিফ ইকবাল সনি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র এজিএম বাদশাহ এবং এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ তারেক হেলাল।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি চলাকালে রাত সাড়ে ১১টার দিকে ধুনট পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির দলীয় কার্যালয় লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি কার্যালয়ের সামনের সড়কে বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর ধুনট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত বোমার আলামত জব্দ করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত বোমার আলামত জব্দ করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





