হোম/সংবাদ

ডনের সঙ্গে অন্তরঙ্গ ছবি নিয়ে এতদিনের রহস্য, যা বলেছিলেন সামিরা

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬ - ৯:৪০

• পঠিত: 8 বার

ডনের সঙ্গে অন্তরঙ্গ ছবি নিয়ে এতদিনের রহস্য, যা বলেছিলেন সামিরা

কয়েক বছর আগে চলচ্চিত্র অভিনেতা ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ছবিতে থাকা নারীকে সালমান শাহর স্ত্রী সামিরা বলে দাবি করেন অনেকে। তবে ছবিটির সত্যতা নিয়ে সে সময় ভিন্ন তথ্য সামনে আনেন সালমান শাহর বন্ধু মোস্তাক ওয়াইজ ও সামিরা নিজে।

সালমান শাহর মৃত্যুর পর তার বন্ধু মোস্তাক ওয়াইজকে বিয়ে করেন সামিরা। পরে তাদের দাম্পত্য জীবনেরও বিচ্ছেদ ঘটে। তবে ছবিটি ভাইরাল হওয়ার সময় মোস্তাক ওয়াইজ গণমাধ্যমকে জানিয়েছিলেন, ডনের সঙ্গে ছবিতে থাকা নারী সামিরা নন; তিনি অভিনেত্রী সাবরিনা।

মোস্তাক ওয়াইজের ভাষ্য অনুযায়ী, ছবিটি ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিং চলাকালে তোলা হয়েছিল। সিনেমাটির মূল নায়ক-নায়িকা ছিলেন সালমান শাহ ও শাবনাজ। সাবরিনা ছিলেন পার্শ্বনায়িকা।

তিনি জানান, শুটিংয়ের সময় দুষ্টুমি করে ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ছবিটি তুলেছিলেন সালমান শাহ। পরে এই ছবি নিয়ে তিনি ডনের সঙ্গে বিভিন্ন সময় মজা করতেন।

মোস্তাক ওয়াইজ আরও দাবি করেন, ডনের সঙ্গে সামিরার একটি ছবি রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ছবিগুলো ফটোশপের মাধ্যমে তৈরি করা হয়েছে। তার ভাষ্য, একটি ছবিতে সামিরা ম্যাগাজিন দেখছিলেন এবং সালমান শাহ ছবি তুলছিলেন। সে সময় ডন হাত বাড়িয়ে দিলে তার সঙ্গে সামিরার একটি ছবি তোলা হয়।

ছবি নিয়ে সে সময় সামিরাও নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন। তিনি বলেছিলেন, তার একটি ছবি দেখিয়ে মিথ্যা কথা ছড়ানো হচ্ছে এবং সালমান শাহর ভক্তরা বিষয়টি না জেনে তাকে ভুল বুঝছেন।

সামিরার ভাষ্য ছিল, ডন তার ছোট ভাইয়ের মতো ছিলেন এবং প্রতি ঈদে তিনি সামিরার পা ছুঁয়ে সালাম করতেন। ডনের সঙ্গে তাকে জড়িয়ে নানা ধরনের কথা ছড়ানোয় তিনি বিব্রত ও লজ্জিত বলেও জানিয়েছিলেন।

সালমান শাহ ও তার পরিবারের বিষয়ে নেতিবাচক কোনো কথা বলতে চাননি সামিরা। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, ছবিটি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে একাধিকবার গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথা বলেছেন এবং প্রশাসনের জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেছেন।

নব্বইয়ের দশকে বাংলাদেশের চলচ্চিত্রে ধূমকেতুর মতো আবির্ভূত হন সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন এই জনপ্রিয় নায়ক।

সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগও তোলা হয়েছিল। এ ঘটনায় বিভিন্ন সময় তার স্ত্রী সামিরার দিকেও সন্দেহের আঙুল উঠেছে। তবে ভাইরাল ওই ছবিকে ঘিরে মোস্তাক ওয়াইজ ও সামিরার বক্তব্য ছিল—ছবিতে ডনের সঙ্গে থাকা নারী সামিরা নন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ছবিই সম্পাদিত।

১৯৯২ সালের ১২ আগস্ট ভালোবেসে বিয়ে করেছিলেন সালমান শাহ ও সামিরা। মাত্র কয়েক বছরের ব্যবধানে সালমান শাহর আকস্মিক মৃত্যু তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটায়। এরপর দীর্ঘ সময় ধরে সামিরাকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা চলতে থাকে।