
গোলাম মুক্তাদির সবুজ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬ - ২১:৯
• পঠিত: ৯ বার

দুপচাঁচিয়ায় সনাতন ধর্মালম্বীদের অন্যতম উৎসব ভ্রাতৃদ্বিতীয়া বা ভাই ফোঁটা ১১নভেম্বর বুধবার উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে পালিত হয়েছে। ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় এ উৎসব পালিত হয়। কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে সকাল থেকেই প্রতিটি ঘরে ঘরে বয়ে যায় আনন্দ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য আবহ। এ উৎসবকে ঘিরে বুধবার ভোর থেকেই উপজেলার সনাতন ধর্মালম্বীদের বাড়িতে শুরু হয় নানা আয়োজন। বোনেরা উপবাস থেকে ধান, দূর্বা, চন্দন, কাজল এবং ঘিয়ের প্রদীপ সাজিয়ে বরণ করে নেন প্রিয় ভাইকে। ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা এঁকে দিয়ে বোনেরা ছড়া কাটেন ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা।’ ফোঁটা দেয়ার পর বোন ভাইকে মিষ্টিমুখ করান এবং ভাইয়ের মঙ্গল কামনায় আর্শিবাদ করেন। অন্যদিকে ভাইয়েরাও বোনের সারা জীবনের সুখ শান্তি ও নিরাপত্তার অঙ্গীকার করেন। সেই সাথে সাধ্যমত উপহার তুলে দেন বোনের হাতে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস জানান, ভাই ফোঁটা সামাজিক ও পারিবারিক সম্প্রীতির এই মহোৎসব কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি ভাই বোনের চিরন্তন ভালোবাসা ও দায়িত্ববোধের এক জীবন্ত প্রতীক।





